বাইসাইকেলের ওপর ছিড়ে পড়ল বিদ্যুতের তার, বাবার মৃত্যু-ছেলে গুরুতর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতারের অনুষ্ঠান শেষে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবা-ছেলে। কিন্তু পথিমধ্যে ঘটে নির্মম দুর্ঘটনা। বিদ্যুতের ঝুলে থাকা তার আকস্মিক তাদের ওপর ছিঁড়ে পড়ে। এতে মৃত্যু হয় বাবার। আর দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে সাত বছরের শিশু ছেলে।

ঘটনাটি মঙ্গলবার রাতে রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ডুখোলপাড়ায় ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল মান্নান (৪২)। আহত শিশুর নাম শিশির হোসেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) রাতে উপজেলার যাতাপুকুর গ্রামের একটি ইফতারি অনুষ্ঠান শেষে বাইসাইকেলে চড়ে নিজ বাড়ি একই ইউনিয়নের ডুখোলপাড়া যাচ্ছিলেন আবদুল মান্নান ও তাঁর ছেলে। রাত সাড়ে নয়টার দিকে বাড়ির অদূরে পৌঁছালে মাথার ওপরে থাকা একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে তাঁদের গায়ে পড়ে। এ সময় তাঁরা বাইসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং গুরুতর জখম হন। পরে স্থানীয়রা টের পেয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানেই কর্তব্যরত চিকিৎসক আবদুল মান্নানকে মৃত বলে ঘোষণা করেন। অবস্থার অবনতি ঘটায় শিশিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সারোয়ার হোসেন বলেন, শিশুটির শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়াতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোর পল্লিবিদ্যুৎ সমিতি-১ এর বাগমারা আঞ্চলিক দপ্তরের মহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, তিনি ঘটনাটি জানেন না। কীভাবে ঘটনা ঘটেছে তা দেখা হবে।