বাইসাইকেলের টোল তুঘলকি কাণ্ড: ওবায়দুল
ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া টোলের বিষয়টি সরকার সহনীয় রাখার চেষ্টা করছে। তবে বাইসাইকেলের ওপর টোল আরোপের বিষয়টি তাঁর কাছে তুঘলকি কাণ্ড মনে হয়। এটি যেন না হয় সে ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার বেলা ১১টায় সিলেট সার্কিট হাউসে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আগামী ১০ দিনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কে সংস্কারকাজ শেষ করার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, ‘প্রায় গাড়ির সামনে লেখা থাকে ‘আল্লার নামে চলিলাম’। কিন্তু অদক্ষ চালক আর চালকের সহকারীরা অনেক সময় দুর্ঘটনা ঘটায়। ফলে গাড়ি খাদে গিয়ে পড়ে। এ ক্ষেত্রে দাঁড়ায় আল্লার নামে খাদে চলিলাম। চালকদের স্বার্থেই মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশার চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দুর্ঘটনা কমে এসেছে।
সিলেটের যানজট কমানোর ব্যাপারে মন্ত্রী বলেন, সিলেট নগরকে যানজটমুক্ত করতে ফ্লাইওভার নয়, টার্নিংয়ের ব্যবস্থা করতে হবে। ফ্লাইওভার করলে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসা-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রয়োজনে আন্ডারপাস করা যেতে পারে।
আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের জন্য বিশেষ কোনো যোগ্যতা নির্ধারণের আপাতত কোনো ভাবনা-চিন্তা নেই বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই দেশে এইট পাস করলে কি প্রধানমন্ত্রী হতে বাধা আছে? যদি না থাকে তাহলে তাঁদের (সম্ভাব্য মেয়র প্রার্থী) ক্ষেত্রে সমস্যা কোথায়? একজন প্রার্থীকে কেবল নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সব যোগ্যতা পূরণ করতে হবে।’
দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হলেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, হোয়াটস আপ, ভাইবার খুলে দেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে তথ্যপ্রযুক্তির ব্যাপক উন্নয়ন হয়েছে। এমন উন্নয়নকে আমরা গলা টিপে হত্যা করতে চাই না।’
সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, পুলিশ কমিশনার কামরুল আহসান প্রমুখ।