বাউনিয়া বাঁধ এলাকায় জলাশয়ের ওপর কয়েক শ ঘরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউনিয়া বাঁধের আশপাশে জলাভূমির ওপর বাঁশের খুঁটি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠেছে বসতি l আশরাফুল আলম
বাউনিয়া বাঁধের আশপাশে জলাভূমির ওপর বাঁশের খুঁটি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠেছে বসতি l আশরাফুল আলম

রাজধানীর বাউনিয়া বাঁধ এলাকায় ঝিলের ওপরে গড়ে উঠেছে কয়েক শ ঘরবাড়ি। টিন, কাঠ ও বাঁশ দিয়ে তৈরি অবৈধ এসব ঘর দেবে গিয়ে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা।
এ বছরের ১৫ এপ্রিল রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় জলাশয়ের ওপর এমন করেই টিন-কাঠের তৈরি দোতলা একটি বাড়ি পানিতে দেবে ১১ জনের প্রাণহানি ঘটেছিল।
গতকাল শুক্রবার মিরপুর ১১ নম্বর সেকশনে বাউনিয়া বাঁধ এলাকা ঘুরে দেখা যায়, বাঁধের নতুন রাস্তার এক পাশে জলাশয়ের ওপর শত শত ঘর। পানিতে ডুবে থাকা বাঁশের খুঁটির ওপর কাঠের পাটাতন ও টিনের বেড়া দিয়ে তৈরি ঘরগুলোর মধ্যে কিছু আবার দোতলা। বাউনিয়া বাঁধের এ এবং সি-ব্লক ও বাজার রোড এলাকায় জলাশয়ের ওপরে এসব ঘর নিয়ে গড়ে উঠেছে একাধিক বস্তি।
বাউনিয়া বাঁধ বাজার রোডের এক পাশে কলাবাগান বস্তি। এই রাস্তা ধরে কিছুটা সামনে এগোলেই পুকুরপাড় বস্তি। দুটি বস্তিতে ঘর আছে কয়েক শ। সব ঘরই জলাশয়ের ওপরে বানানো। বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার কিছুটা সামর্থ্যবান ও প্রভাবশালী লোকজনের অনেকেই এসব ঘর ভাড়া দিয়ে ব্যবসা করে থাকেন।
পুকুরপাড় বস্তির মো. আলমগীর এমনই একজন। সরকারি জায়গা দখল করে রিকশা রাখার গ্যারেজ বানিয়েছেন। আর গ্যারেজের পেছনেই ঝিলের ওপর ১২টি ঘর তুলে ভাড়াও দিচ্ছেন। প্রতিটি ঘর থেকে মাসে ১৮০০ টাকা করে ভাড়া আদায় করেন।
গতকাল আলমগীরের ঘরের পাটাতন ঠিক করার কাজ চলছিল। দুজন মিস্ত্রি পানির নিচে দেবে থাকা পুরোনো নড়বড়ে বাঁশ তুলে নতুন বাঁশ লাগাচ্ছিলেন। এখানকার একটি ঘরের বাসিন্দা কোহিনূর বেগম বলেন, ‘নিচের কয়েকটা বাঁশ ভাইঙা বাঁকা হয়া গেছে। সামান্য বাতাসে বা পোলাপাইনে দৌড়াদৌড়ি করলেই পুরা ঘর দুইলা ওঠে।’
এভাবে বানানো ঘরে দুর্ঘটনার আশঙ্কা নেই বলে দাবি করেন আলমগীর। তিনি বলেন, ‘প্রায় এক শ বাঁশ দিয়ে একেকটা ঘর বানাইছি। পুকুরে কাদা নাই, নিচে শক্ত আছে। ডুবব না।’
অবৈধভাবে অদক্ষ হাতে তৈরি হয়েছে এসব বাড়ি। নড়বড়ে বাঁশের ওপর বানানো এসব ঘরে জীবনের ঝুঁকি নিয়েই বাসিন্দারা থাকছেন।
রিকশাচালক ইব্রাহিম স্ত্রী ও দুই সন্তান নিয়ে এলাকায় ১৫০০ টাকা ভাড়া দিয়ে এমনই একটি ঘরে থাকেন। তিনি বলেন, ‘গ্রামে কাজ না পাইয়া ঢাকায় আসছি। এলাকার কিছু মানুষ সঙ্গে থাকে, ভাড়া কম। তাই বাধ্য হইয়া থাকি। কিন্তু চার পাশে পানি। তাই ছোট পোলার লিগা ভয়ও লাগে।’
স্থানীয় দোকানদার শাহজাহান মিয়া ১০ বছর ধরে এই এলাকায় থাকেন। তাঁর দাবি, একাধিকবার ঝিলের মধ্যে ঘরের আংশিক দেবে যেতে দেখেছেন। তিনি বলেন, ‘নিচের বাঁশগুলা বেশি পুরান হইলে অনেক সময় ঘরের এক পাশ দাইবা যায়। পাটাতনের কাঠ পুরান হইলেও অনেক সময় এমন হয়।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সীমানা অনুযায়ী বাউনিয়া বাঁধ এলাকাটি ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। কিন্তু এই ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রউফ এই জায়গা তাঁর নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নয় বলে দাবি করেন। তিনি বলেন, ‘ঘরগুলা ২ নম্বর ওয়ার্ডে পড়ছে। যে যেমনে পারছে ঘর তুলছে।’
২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেনের দাবি, এসব ঘর তাঁর এলাকার মধ্যে নয়। ডিএনসিসির বস্তি উন্নয়ন বিভাগের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জলাশয়ের ওপরে বানানো ঘরগুলোর বিষয়ে বলেন, ‘আমি দেখে ব্যবস্থা নিব।’