আওয়ামী লীগের পটুয়াখালীর বাউফল উপজেলার পাল্টাপাল্টি কমিটি গঠন নিয়ে স্থানীয় পর্যায়ে দলের বিরোধ চরমে পৌঁছেছে। বর্তমান কমিটির কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গতকাল সোমবার সহকারী জজ আদালতে একটি মামলা করেন বিদ্রোহী কমিটির সহসভাপতি আইনজীবী আবুল কাশেম। ওই মামলায় আওয়ামী লীগের বাউফল উপজেলা কমিটির সভাপতি সাংসদ আ স ম ফিরোজ, সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার এবং জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিবাদী করা হয়েছে। মামলায় আদালত ইতিমধ্যে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না, সে ব্যাপারে বিবাদীদের ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২২ জানুয়ারি দলের কাউন্সিল ছাড়াই ৬৭ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়। এটি অনুমোদনের জন্য জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন জানানো হয়। গত ২ ফেব্রুয়ারি সাধারণ নেতা-কর্মীরা সভা ডাকেন। এতে কণ্ঠ ভোটে মো. জসিমউদ্দিন ফরাজীকে সভাপতি ও রেজাউল কামালকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠনের পরিপ্রেক্ষিতে আগের কমিটির কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদেশের আবেদন জানালে আদালত ওই কারণ দর্শানোর নোটিশ দেন।এ ব্যাপারে আওয়ামী লীগের উপজেলার সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার বলেন, গঠনতন্ত্র মোতাবেক আওয়ামী লীগের জেলা কমিটির অনুমতি নিয়ে সমেঞ্চলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠিত হয়েছে। তিনি বলেন, যাঁরা পাল্টা কমিটির কথা বলছেন তাঁরা এখন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত নন। গত সংসদ নির্বাচনে তাঁরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন।আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন বলেন, উপজেলা কমিটি গঠনের সমেঞ্চলনে তিনিসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন। এই কমিটিকে ইতিমধ্যে জেলা কমিটি থেকে অনুমোদন দেওয়া হয়েছে।