বাউফল ও নাটোরে জঙ্গি সন্দেহে ২৪ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা ও নাটোরে গত সোমবার রাতে জঙ্গি সন্দেহে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাউফল থানার পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গোসিঙ্গা গ্রামের একটি মসজিদ থেকে ১৫ জনকে আটক করা হয়। তাঁরা হলেন জাকারিয়া (৩২), আ. করিম (৩৭), রবিউল (২০), সেলিম (২৪), শাখাওয়াত (২৫), মুতালেব (২৮), আবু তাহের (৪৫), আ. শহীদ (৪০), শরিফ হোসেন (১৫), বিল্লাহ (২৭), ইব্রাহিম (২৫), মেহেদী হাসান (৩৫), শাজাহান পাটোয়ারী (৪৫), রুহুল আমিন (৩২) ও মিজান (২২)। তাঁদের বাড়ি শেরপুর, ময়ময়নসিংহ, ঝিনাইদহ, বরিশাল ও ভোলা জেলার বিভিন্ন এলাকায়।আটক ব্যক্তিদের দলনেতা জাকারিয়া গতকাল মঙ্গলবার বাউফল থানায় সাংবাদিকদের বলেন, তাঁদের সংগঠনের নাম ‘পায়েহাঁটা দল’। ওই অঞ্চলে তাঁদের সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন ভোলার চরফ্যাশন কলেজের সাবেক শিক্ষক মো. আবদুল মজিদ। ধর্ম প্রচারের উদ্দেশ্যেই তাঁরা সোমবার চরফ্যাশন থেকে ১৫ দিনের জন্য বাউফলে এসেছেন।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীল মণি চাকমা জানান, তাঁরা জঙ্গি কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল তাঁদের আদালতে পাঠানো হয়েছে। নাটোর সদর থানা সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নাটোর পৌরসভার হরিশপুর চেয়ারম্যান রোডের আবদুল আলিমের বাড়ি থেকে জঙ্গি সন্দেহে নয়জনকে আটক করা হয়। তাঁরা হলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দার গ্রামের গোলাম মোস্তফা (৩২) ও তাঁর স্ত্রী রেবেকা সুলতানা (২৬), সালমান ইসলাম (১৫), রাসেল ভূঁইয়া (২৫), ডিঙ্গাডোবা গ্রামের কবীর হোসেন (২৬), কৃষ্ণপুর গ্রামের আসাদুজ্জামান (২১), মনোয়ার আফরোজ (২০), নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামের ইদ্রিস আলী (২৮) ও তাঁর স্ত্রী আকলিমা বেগম (২২)। তাঁদের সঙ্গে তিনটি শিশুও রয়েছে। নাটোর সদর থানার ওসি আবদুল্লাহ আল-মামুন জানান, ওই বাড়িতে কয়েকটি জিহাদি বইও পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা একত্রে ইসলামের দাওয়াত দিয়ে থাকেন। তাঁদের দলের নাম ‘কলেমার জামাত’। ভোলার চরফ্যাশন কলেজের সাবেক শিক্ষক মো. আবদুল মজিদ তাঁদের দলের প্রধান। ওসি মামুন আরও জানান, ওই নয়জন জঙ্গি তৎপরতায় জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।