বাউফল-নাজিরপুর সেতুটি এখন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউাফল পৌরসভার বগা-কালাইয়া খালের ওপর নির্মিত বাউফল-নাজিরপুর সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় সেতুটি ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কত বছর আগে ওই লোহার সেতুটি নির্মাণ করা হয়, সে সম্পর্কে কোনো তথ্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) বাউফল কার্যালয় থেকে পাওয়া যায়নি। তবে ওই কার্যালয় থেকে জানা গেছে, ২০০১-২০০২ অর্থবছরে এক লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে একবার সেতুটি সংস্কার করা হয়।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বর্তমানে সেতুটির ওপরের সিমেন্টের তৈরি স্ল্যাবের বিভিন্ন অংশ ভেঙে রড বেরিয়ে গেছে। সম্পূর্ণ ভেঙে পড়ায় বেশ কিছু স্ল্যাবের অস্তিত্বই এখন আর নেই। সম্পূর্ণ ভেঙে পড়া স্থানগুলোতে এলাকাবাসী কাঠের তক্তা ফেলে ঝুঁকি নিয়ে চলাচল করছে। মরিচা পড়ার কারণে অধিকাংশ লোহার ভিম ও অ্যাঙ্গেল নষ্ট হয়ে ভেঙে যাচ্ছে।

স্থানীয় নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম ফারুক জানান, তাঁর ইউনিয়নের কমপক্ষে ৩০ হাজার মানুষ এই সেতুটি দিয়ে উপজেলা সদরে যাতায়াত করে। অথচ দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ এটি সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নিচ্ছে না।

সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার কথা স্বীকার করে উপজেলা প্রকৌশলী ইউনুচ মিয়া বলেন, ‘অনেক আগে হয়তো এলজিইডি সেতুটি নির্মাণ করে। তবে এখন যেহেতু সেতুটি পৌরসভার মধ্যে রয়েছে, তাই এর দায়-দায়িত্ব পৌর কর্তৃপক্ষের।

বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক বলেন, মাত্র কয়েক মাস হলো তিনি মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন। শিগগিরই সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।