বাউফল পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত
পটুয়াখালীর বাউফল পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে গত সোমবার এক প্রজ্ঞাপন জারি করে।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০১ সালের অক্টোবর মাসে বাউফল পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালের ২৪ আগস্ট এ পৌরসভায় প্রথম নির্বাচন হয়। দ্বিতীয় নির্বাচন হয় ২০১২ সালের ২২ মে মাসে। ওই বছরের ২৮ জুন পৌরসভাটি তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়।
সর্বশেষ সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব সরোজ কুমার নাথের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাউফল পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করার বিষয়টি জানানো হয়।
বিষয়টি জানার পর পৌরসভার বাসিন্দারা শহরে সোমবার সন্ধ্যায় ও গতকাল মঙ্গলবার আনন্দ মিছিল বের করেন। এ সময় তাঁরা শিগগিরই প্রথম শ্রেণির পৌরসভার সব সুবিধা পাওয়ার আশা ব্যক্ত করেন।