বাউফল পৌরসভা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ এক যুগ পর পটুয়াখালীর বাউফল পৌরসভাকে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। গত বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। বিষয়টি জানার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার বাসিন্দারা শহরে আনন্দ মিছিল বের করে। পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০১ সালের অক্টোবর মাসে বাউফল পৌরসভা প্রতিষ্ঠিত হয়। গত ২২ মে বাউফল পৌরসভার দ্বিতীয় নির্বাচন হয়। নবনির্বাচিত মেয়র মো. জিয়াউর হক ও কাউন্সিলররা ১১ জুন শপথ নিয়ে ১৪ জুন দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের মাত্র ১৪ দিনের মধ্যে পৌরসভা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হওয়ায় মেয়রকে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের নেতারা অভিনন্দন জানান। মেয়র জিয়াউল হক জানান, নির্বাচনের আগে তিনি এ পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে পারায় এখন তিনি খুব আনন্দিত।