বাউফল প্রেসক্লাবে দখলদারদের সঙ্গে হুইপের নাশতা
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বেশ কিছু নেতা-কর্মীকে নিয়ে গতকাল শনিবার সকালে নাশতা করেছেন স্থানীয় সাংসদ ও হুইপ আ স ম ফিরোজ। প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন অভিযোগ করেছেন, গত ১৫ মে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সভাপতি হারুন অর রশিদের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তালা ভেঙে প্রেসক্লাব দখল করে নিয়েছিলেন। বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান অভিযোগ করেন, সাম্প্রতিক কালে বিভিন্ন পত্রিকায় হুইপ ফিরোজের অনিয়ম-দুর্নীতির খবর প্রকাশ হওয়ায় স্থানীয় সাংবাদিকদের ওপর তিনি ক্ষুব্ধ হন। এ কারণে তাঁর অনুসারী কয়েকজন ক্যাডারকে দিয়ে প্রেসক্লাব দখলে নিয়ে তিনি সাংবাদিকদের মত প্রকাশে বাধা সৃষ্টি করছেন। হারুন অর রশিদ নিজেকে সাংবাদিক দাবি করে বলেন, প্রেসক্লাব কেউ দখল করেনি। তিনিসহ আরও অনেক সাংবাদিক প্রেসক্লাবে নিয়মিত আসেন। এখানে সাংবাদিকদের আসতে কোনো বাধা নেই।