পটুয়াখালী জেলার বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাইফুল ইসলামকে অন্যত্র বদলি করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।
থানা হেফাজত থেকে এক আসামিকে ওসির কক্ষে নিয়ে নির্যাতনের অভিযোগ বিষয়ে জানাতে ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট বাউফল সার্কেলের এএসপি ও বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকীকে ২৭ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। এ অনুসারে গতকাল সকালে ওই দুই কর্মকর্তা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে বক্তব্য দাখিল করেন। শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেন। একই সঙ্গে নির্যাতনের শিকার হাফিজুর রহমান ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পটুয়াখালীর পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি ১৯ মার্চ পরবর্তী আদেশের জন্য তালিকায় আসবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, সার্কেল এএসপি ও ওসি প্রতিবেদন (কমপ্লায়েন্সে) দিয়েছেন। সার্কেল এএসপি ওই দিন থানা পরিদর্শনে যান বলেছেন। তবে নির্যাতন করার বিষয়টি অস্বীকার করেন। শুনানি নিয়ে আদালত এএসপিকে অন্যত্র বদলি করতে নির্দেশ দিয়েছেন।
‘বাউফলে ওসির রুমে নির্যাতন’ শিরোনামে ১৪ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন অনুসারে থানাহাজত থেকে এক আসামিকে ওসির রুমে নিয়ে নির্যাতন করা হয়। হাফিজুর রহমান নামের এই ব্যক্তির বাড়ি কনকদিয়া ইউনিয়নের কলতা গ্রামে। তাঁর মা জোসনা বেগম প্রতিবেদনটি যুক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন।
আদালতে এএসপির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শ ম রেজাউল করিম ও মাহফুজুর রহমান। ওসির পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও মোহাম্মদ ফারুক হোসেন উপস্থিত ছিলেন। শুনানি নিয়ে ওই দুই কর্মকর্তাকে আপাতত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়।
তাপস কুমার বিশ্বাস বলেন, আইজিপির প্রতিবেদন ৯ মার্চের মধ্যে দাখিল করতে হবে।