বাউফলগামী কার্গোতে ডাকাতি ২০ লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি মালবাহী কার্গোতে গত শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই কার্গো থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। কার্গোর মাস্টার মো. রুবেল মিয়া জানান, পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল পৌরসভা ও কালাইয়া বন্দরের শতাধিক মুদি ব্যবসায়ীর কোটি টাকার বিভিন্ন ধরনের মালামাল নিয়ে ‘এমভি কাবা’ নামের কার্গোটি ওই দিন রাত সাড়ে নয়টায় ঢাকার রাজারঘাট থেকে ছাড়ে। রাত ১১টার দিকে এটি ফতুল্লার কাছে বক্তাবলী এলাকায় পৌঁছায়। ওই সময় ২৫-৩০ জন অস্ত্রধারী ডাকাত একটি ট্রলার নিয়ে তাদের কার্গোতে ওঠে এবং অস্ত্রের মুখে তাঁদের জিমিঞ্চ করে কার্গোর ওপরের অংশে থাকা ডাল, তেল, গুঁড়া দুধ, সিগারেট, মবিল, চিনিসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি ব্যবসায়ীরা বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, তাঁকে কার্গো ডাকাতি হওয়ার বিষয়টি জানানো হয়েছে।তবে ঘটনাস্থল নারায়ণগঞ্জ বন্দর থানার আওতাধীন হওয়ায় ব্যবসায়ীদের সেখানে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।