বাউফলে অতিরিক্ত গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ও কেশবপুর সড়কের পাশে লাগানো চারটি সরকারি গাছ দরপত্রের বাইরে কেটে নেওয়া হয়েছে। কালিশুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. ইউসুফ আলী গাছগুলো শ্রমিক দিয়ে কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কালিশুরী ও কেশবপুর সড়কের পাশের বিভিন্ন ধরনের ৩১টি গাছ বিক্রির জন্য বন বিভাগ থেকে এক মাস আগে দরপত্র আহ্বান করা হয়। গাছগুলো লাল রঙের কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে। দরপত্রের মাধ্যমে গাছগুলো কাটার দায়িত্ব পান মো. ইউসুফ আলী। তিনি গত শনিবার থেকে শ্রমিক নিয়োগ করে গাছগুলো কাটা শুরু করেন। গত সোমবারের মধ্যে ওই চারটি গাছ কেটে নেওয়া হয়।
সোমবার সরেজমিনে দেখা যায়, বন বিভাগের চিহ্ন ছাড়া চারটি গাছ কেটে নেওয়া হয়েছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, ইউসুফ আলী বন বিভাগের লাল কালি দিয়ে শনাক্ত করা গাছ কাটার পাশাপাশি কালিশুরী সড়কের কুমারখালী ও কেশবপুর সড়কের রাজ্জাক মিয়ার বাড়ির সামনে থেকে দুটি আকাশমণি, একটি শিশু ও একটি মেহগনি গাছ কেটেছেন। তবে ইউসুফ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বন বিভাগের শনাক্ত করা গাছগুলোই তিনি কেটে নিচ্ছেন।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক কাঠ ব্যবসায়ী বলেন, গাছ চারটির দাম কমপক্ষে ৮০ হাজার টাকা।
উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, অতিরিক্ত গাছ কেটে থাকলে ইউসুফ আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।