বাউফলে অনুমতি ছাড়াই ২৫টি গাছ কেটে ফেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছের মালিকের অনুমতি না নিয়েই পল্লী বিদ্যুতের লোকজন বিভিন্ন প্রজাতির ২৫টি গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে। গাছগুলোর মালিক একই গ্রামের সুলতান মৃধা। তিনি জরুরি কাজে ঢাকায় গেলে গত মঙ্গলবার পল্লী বিদ্যুতের লোকজন তাঁর প্রতিপক্ষের কাছ থেকে সুবিধা নিয়ে জোরপূর্বক ১১টি রেইনট্রি, পাঁচটি চাম্বল ও নয়টি মেহগনি গাছ কেটে ফেলে বলে তিনি অভিযোগ করেন। পল্লী বিদ্যুতের বাউফল উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, ওই এলাকায় ২ দশমিক ১৯ কিলোমিটার লাইনে বিদ্যুতের সংযোগ দেওয়ার কাজ চলছে। যা তদারকির দায়িত্বে আছে বরিশাল পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। অভিযোগ অস্বীকার করে আরইবির পরিদর্শক প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, ‘নতুন বিদ্যুৎ লাইনের পরিকল্পনা করার সময় জমির মালিকদের সঙ্গে আলাপ করেই সবকিছু করা হয়েছে। তখন তাঁরা গাছ কেটে নিয়ে যাওয়ার কথা দিয়েছিলেন। এ কারণেই গাছগুলো কাটা হয়েছে।’ আরইবি বরিশালের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, গাছ কাটার প্রয়োজন দেখা দিলে অবশ্যই গাছের মালিকের অনুমতি নিতে হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।