বাউফলে আ.লীগ নেতাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার ও তাঁর ছেলে মাহামুদ হাসানসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি জানা গেছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র ও অভিযোগ থেকে জানা গেছে, চাঁদা না পেয়ে ৫ আগস্ট বেলা একটার দিকে মোতালেবের নেতৃত্বে কয়েকজন উপজেলার রাজনগর গ্রামের সোনামদ্দিন চৌকিদারের ছেলে জাকির হোসেন (২৮) ও জাকিরের ভগ্নিপতি মনির মৃধাকে (৩৭) পিটিয়ে আহত করে। গত শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মনিরের মৃত্যু হয়। কাঠ ব্যবসায়ী মনির রাজনগর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মৃধার ছেলে।
এ ঘটনায় জাকির হোসেন গত সোমবার পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মোতালেবকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মোতালেব হাওলাদার বলেন, ‘মারধরের ঘটনায় আমি জড়িত ছিলাম কি না, এলাকার লোকজন জানেন। পুলিশি তদন্তে সব বেরিয়ে আসবে।’ হয়রানির উদ্দেশ্যে মামলায় তাঁকে ও তাঁর ছেলেকে জড়ানো হয়েছে বলে তিনি দাবি করেন।