বাউফলে আ.লীগের দুই পক্ষের পৃথকভাবে একুশে পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় আওয়ামী লীগের পাল্টাপাল্টি কমিটি পৃথকভাবে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।দলীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজের নেতৃত্বে নেতা-কর্মীরা স্থানীয় পাবলিক মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে একুশের প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে দলের অপর অংশের সাধারণ সম্পাদক রেজাউল কামালের নেতৃত্বে নেতা-কর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপজেলা ছাত্রলীগ, বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা থাকলেও গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ (সাংসদ-সমর্থিত) কার্যালয় জনতা ভবনের সামনে তা মানা হয়নি। সকাল সাড়ে নয়টার দিকে গিয়ে দেখা যায়, স্বাভাবিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা নুরুল হক মৃধা বলেন, ‘স্বাধীনতার ৪২ বছর পেরিয়ে গেলেও জাতীয় দিবসগুলোতে কীভাবে জাতীয় পতাকা উত্তোলন করতে হয়, তা শিখতে পারেনি উপজেলা আওয়ামী লীগ। শুধু খাইতে শিখেছে।’এ বিষয়ে আওয়ামী লীগের ওই অংশের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন, ‘বিষয়টি আমি জানি না। তবে ভুলবশত হতে পারে।’