বাউফলে আ.লীগের পাল্টাপাল্টি কমিটি
পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের ১৩ দিনের মাথায় গত শনিবার সন্ধ্যায় আরেকটি কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ফরাজিকে সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউল কামালকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।গতকাল রোববার স্থানীয় সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মো. নূরুল হক মৃধার বাসভবনে নেতা-কর্মীদের নিয়ে সম্মেলনের মাধ্যমে ওই কমিটি গঠন করা হয়েছে।আওয়ামী লীগ সূত্র জানায়, গত ২২ জানুয়ারি দলীয় কার্যালয় চত্বরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়। ওই সম্মেলনে সভাপতি পদে হুইপ ও স্থানীয় সাংস আ স ম ফিরোজ এবং সাধারণ সম্পাদক পদে আবদুল মোতালেব হাওলাদারকে নির্বাচিত করে ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বিএনপির একসময়ের প্রথম সারির নেতা মো. ইব্রাহিম ফারুক, দপ্তর সম্পাদক একসময়ের জামায়াতের রুকন আবদুস সাত্তার, শ্রমবিষয়ক সম্পাদক দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমানকে।একাংশের সভাপতি মো. জসিম উদ্দিন ফরাজি তাঁদের কমিটি বৈধ দাবি করে বলেন, ‘আমার মতো অন্তত এক ডজন ত্যাগী নেতা-কর্মী ২২ জানুয়ারির সম্মেলন সম্পর্কে কিছুই জানেন না। আমাদের বাদ দিয়ে বিএনপি-জামায়াত নেতাদের নিয়ে আওয়ামী লীগের কমিটি হতে পারে না।’অপর কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার তাঁদের কমিটিকে বৈধ দাবি করে বলেন, ‘পাল্টা কমিটির নেতা-কর্মীদের অস্তিত্বই নেই। সাংগঠনিক ভিত শক্তিশালী করতে ত্যাগী পুরোনো ও নতুনদের সমন্বয়ে ২২ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করা হয়েছে।’