বাউফলে আরও চারটি ভাটা বন্ধ করে দিয়েছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমি, জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠান-সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা আরও চারটি ইটভাটার ড্রাম চিমনি ভেঙে এগুলো বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই চারটিসহ মোট পাঁচটি ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে চার হাজার মণ কাঠ।গতকাল মঙ্গলবার দিনভর ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলে। আদালতের নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল্লাহ শরিফী। এ সময় পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বগা এলাকার মুন্সি ব্রিকসের ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। একই এলাকার আলতাফ ব্রিকসে কাঠ পোড়ানোর দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কালিশুরী কলেজসংলগ্ন উত্তর পাশে সেভেন স্টার ব্রিকসের ড্রাম চিমনি ভেঙে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫০ গজ দূরে নাসিম ব্রিকসের ড্রাম চিমনি ভেঙে ২০ হাজার টাকা জরিমানা আদায়ের পর বন্ধ করে দেওয়া হয়েছে। বাহেরচর বাজারের পাশে অরুণা এন্টারপ্রাইজের ড্রাম চিমনি ভেঙে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; পাশাপাশি ইটভাটাটি বন্ধও করে দেওয়া হয়। পাঁচটি ভাটা থেকে চার হাজার মণ কাঠ জব্দ করা হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ সব ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, ৫ জানুয়ারি প্রথম আলোতে ‘বাউফলের ১২টি ইটভাটাই ড্রাম চিমনির, পুড়ছে কাঠ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই প্রশাসনের পক্ষ থেকে অবৈধ ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়। গত সোমবার বাউফলের মোল্লা ব্রিকস নামের আরেকটি ইটভাটার দুটি ড্রাম চিমনি ভেঙে দেন ভ্রাম্যমাণ আদালত।