বাউফলে ইউপি কার্যালয়ে আগুন একজন গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) মিলঘর এলাকার অস্থায়ী কার্যালয়ে গত সোমবার রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে এই কার্যালয় ও পাশের একটি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল মঙ্গলবার পুলিশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সোবাহান মৃধাকে (৫৫) গ্রেপ্তার করেছে।
ঘটনার প্রতিবাদে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মিলঘর এলাকায় ইউপি চেয়ারম্যান শামসুল হক ফকিরের নেতৃত্বে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ হয়। সমাবেশে বক্তারা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। চেয়ারম্যান অভিযোগ করেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ওই কার্যালয়ে আগুন দেন। এতে গ্রাম আদালতের কাগজপত্র ও আসবাব পুড়ে গেছে। আগুনে কার্যালয়সংলগ্ন খোকন চন্দ্র শীলের ব্যবসা-প্রতিষ্ঠানটিও (সেলুন) পুড়ে গেছে।
তবে ইউনিয়ন বিএনপির সভাপতি (একাংশের) ইদ্রিস সিকদার জানান, ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত নন।