বাউফলে ইউপির ভবন দখল করে আ.লীগের কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের একটি ভবন দখল করে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, ওই ইউপি কার্যালয়ের উত্তর পাশের একটি ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ ধূলিয়া ইউনিয়ন কার্যালয় লেখা এবং স্থানীয় সাংসদ ও হুইপ আ স ম ফিরোজের ছবিযুক্ত একটি ডিজিটাল ব্যানার টাঙানো রয়েছে। স্থানীয়রা জানান, ইউনিয়নের সরকারদলীয় কার্যক্রম এ কার্যালয় থেকে পরিচালিত হয়। ধূলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুর রহমান বিষয়টির সত্যতা স্বীকার বলেন, ‘ওই ভবনটি ইউনিয়ন পরিষদের নয়, তবে সরকারি ভবন এটা ঠিক। যখন যে সরকার ক্ষমতায় আসে তখন তারাই ভবনটি ব্যবহার করে।’ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, ‘ভবনটি ধূলিয়া ইউনিয়ন পরিষদের। সম্প্রতি সরকারি বরাদ্দ দিয়ে ভবনটি মেরামত করা হয়েছে। কোনো অনুমতি না নিয়েই ইউনিয়ন পরিষদের ওই ভবনটি ধূলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।’ বাউফলে সম্প্রতি যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।