বাউফলে এক রাতে তিনটি বাল্যবিবাহ
পটুয়াখালীর বাউফলে গত শুক্রবার রাতে তিনটি বাল্যবিবাহ হয়েছে। এ বিষয়ে অভিযোগ দেওয়া হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে বাউফল থানা থেকে মাত্র ৫০ গজ দূরে ১৩ বছরের এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ হয়। স্থানীয় কয়েকজন সংবাদকর্মী ও বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মীরা আগে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করলেও তাঁরা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে।একই রাতে উপজেলার কালাইয়া বন্দরের লঞ্চঘাট এলাকায় ১৫ বছর বয়সী এক মেয়ে ও গোপালদী হাইস্কুলের এক ছাত্রীর বিয়ে দেওয়া হয়। কালাইয়া পুলিশ ফাঁড়ির কাছেই এ দুটি বিয়ে হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।এ ব্যাপারে বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। কিন্তু ইউএনও না আসায় আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি।ইউএনও এ বি এম সাদিকুর রহমান বলেন, যার বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছিল সেই ছাত্রীর জন্ম নিবন্ধন সনদ ও রোটারি পাবলিকের অ্যাফিডেভিট প্রদর্শন করায় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। আর অন্য দুটি বিয়ের বিষয়টি তাঁর জানা ছিল না।