বাউফলে এসে বিপাকে মার্কিন তরুণী
বাবার সঙ্গে অভিমান করে পাঁচ মাস আগে বাংলাদেশে এসেছেন জন্মসূত্রে মার্কিন নাগরিক সানজিদা চৌধুরী (২০)। এরপর বাবার অজান্তে ২৮ ফেব্রুয়ারি বিয়ে করেন বাংলাদেশের নাগরিক মো. নজরুল ইসলামকে। তবে বিয়ের এক মাস হতে না-হতেই লাপাত্তা হয়ে গেছেন নজরুল।
নজরুলের দেওয়া ঠিকানা অনুযায়ী তাঁকে খুঁজতে পটুয়াখালীর বাউফলে এসে বিপাকে পড়েছেন শারীরিক প্রতিবন্ধী সানজিদা। ঢাকা থেকে বাসে করে গত বৃহস্পতিবার সকালে তিনি বাউফলে আসেন। বর্তমানে উপজেলার দাসপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হানিফ সরদারের বাড়িতে আছেন তিনি। সানজিদা বলেন, জন্মসূত্রে তিনি মার্কিন নাগরিক। তিনি একাদশ শ্রেণি পাস করেছেন। তাঁর বাবা আবদুল মোতালেব চৌধুরী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গোয়েন্দা পুলিশের কর্মকর্তা। ২০০৫ সালে তাঁর মা মারা যান। তাঁর বাবা সাত মাস আগে বাংলাদেশে এসে এক নারীকে বিয়ে করেন। তখন থেকে বাবার সঙ্গে সম্পর্কের অবনতি হয় তাঁর। সানজিদা বলেন, ২০১৬ সালের ২৬ অক্টোবর তিনি ঢাকায় আসেন। এরপর নজরুলের সঙ্গে তাঁর প্রেম হয়। ২৮ ফেব্রুয়ারি তাঁরা বিয়ে করেন। দুজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তবে গত ২৮ মার্চ নজরুল ২০ লাখ টাকা, একটি মুঠোফোন, পাসপোর্টসহ কাগজপত্র নিয়ে পালিয়ে যান। এরপর আর তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তিনি কাবিননামায় দেখতে পান, নজরুলের বাবার নাম আলী হোসেন মাতব্বর। ঠিকানা দশমিনা উপজেলার পূর্ব আলীপুর। তবে নজরুল তাঁকে জানিয়েছিলেন, তিনি বাউফলের কালাইয়া গ্রামে থাকেন। বৃহস্পতিবার বাউফলে এসে তিনি থানায় যান। পরে পুলিশের পরামর্শ অনুযায়ী তিনি পাশের দশমিনা থানায় নজরুলকে খুঁজতে যান। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে পাওয়া গেছে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নজরুলের ভোটের এলাকা দশমিনা উপজেলার পূর্ব আলীপুর। জাতীয় পরিচয়পত্রের ছবি দেখে নজরুলকে শনাক্ত করেন সানজিদা।
বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, সানজিদা যে ঠিকানার কথা বলেছেন, তা দশমিনা উপজেলার। এ কারণে তাঁকে দশমিনা থানায় পাঠানো হয়েছে। দশমিনা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, মূলত প্রতারণা করার জন্যই ওই তরুণীকে বিয়ে করেছেন নজরুল। তিনি বলেন, ওই তরুণীকে ইউপি সদস্য মো. হানিফ সরদারের জিম্মায় দেওয়া হয়েছে। ইউপি সদস্য হানিফ সরদার বলেন, সানজিদার বাবা মোতালেব চৌধুরীর সঙ্গে বৃহস্পতিবার তিনি মুঠোফোনে কথা বলেছেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে এসে মেয়েকে নিয়ে যাবেন বলে জানিয়েছেন। আর বাবা এলে পুলিশের উপস্থিতিতে তাঁকে হস্তান্তর করা হবে।