বাউফলে কিশোরী গণধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা সদরে এক কিশোরী (১৮) গণধর্ষণের শিকার হয়েছেন। গত বুধবার রাতে বাউফল আদর্শ বিদ্যালয়ের পরিত্যক্ত একটি ভবন থেকে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে বাউফল থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, ওই কিশোরীর বাড়ি উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে। পার্শ্ববর্তী নাজিপুর গ্রামের ভগ্নিপতির বাড়ি থেকে বুধবার রাতে তিনি নিজ বাড়িতে ফিরছিলেন। পথে রাত আনুমানিক আটটার দিকে বাউফল পৌর সদরের গোলাবাড়ী এলাকায় চার-পাঁচজন বখাটে যুবক তাঁর পথ রোধ করে। একপর্যায়ে অস্ত্র ঠেকিয়ে মেয়েটিকে মোটরসাইকেলে উঠিয়ে বাউফল আদর্শ বিদ্যালয়ের পরিত্যক্ত একটি শ্রেণীকক্ষে নিয়ে ধর্ষণ করে তারা। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বখাটেরা পালিয়ে যায়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীল মণি চাকমা বলেন, কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।