বাউফলে কৃষকের হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা গ্রামে প্রতিপক্ষের লোকজন মতিন মাঝি নামে এক কৃষকের হাত-পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল সোমবার এ ঘটনা ঘটে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মতিন মাঝির স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একই বাড়ির ইসমাইল মাঝির সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ চলছে। রোববার তাঁদের গাছের বড়ই পেড়ে নেয় ইসমাইল মাঝির ছেলে সোহাগ। এ ঘটনায় ওই দিনই সোহাগের বাবার কাছে বিচার দাবি করেন মতিন। খাদিজা বেগম আরও অভিযোগ করেন, বিচার চাওয়ায় ক্ষুব্ধ হয়ে গতকাল দুপুরে সোহাগের নেতৃত্বে চার-পাঁচজন মিলে মতিনকে তাঁদের বাড়ির পাশের রাস্তায় ধরে পিটুনি দেয়। এতে মতিনের বাঁ হাত ও বাঁ পা ভেঙে যায়। তাঁকে (মতিনকে) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মতিনের বাঁ হাতের কনুইয়ের ওপরে এবং বাঁ পায়ের হাঁটুর নিচের অংশের হাড় ভেঙে গেছে। সোহাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।