বাউফলে কেন্দ্র দখল প্রার্থীদের ভোট বর্জন
কেন্দ্র দখল করে জাল ভোট, বিএনপি ও জামায়াত-সমর্থিত ও ‘বিদ্রোহী’ প্রার্থীদের এবং আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীদের এজেন্টদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোটারদের হাত থেকে ব্যালট ছিনতাইয়ের মধ্যে দিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের ভোট গ্রহণ করা হয়েছে।
অনিয়মের অভিযোগ গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে যৌথভাবে সংবাদ সম্মেলন করে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী তসলিম তালুকদার, আওয়ামী লীগের বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী রেজাউল কামাল ও কামাল হোসেন নির্বাচন বর্জন করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।
সকাল ১০টার দিকে জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রশিদ এ নির্বাচনকে তামাশার নির্বাচন দাবি করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বেলা একটার দিকে বিএনপি-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার জলিল নির্বাচন বর্জন করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।
বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুর রহমান তালুকদার বলেন, সকাল ১০টার মধ্যে ৯২টি কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। তসলিম তালুকদার অভিযোগ করেছেন, সরকারদলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ এলাকায় উপস্থিত থেকে প্রভাব বিস্তার করে তাঁর লোকজন দিয়ে উপজেলার সব ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই এজেন্টদের হুমকি-ধমকি ও মারধর করে বের করে দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। কোনো কারচুপি হয়নি। আর চিফ হুইপ আ স ম ফিরোজের এই নির্বাচনে কোনো প্রভাব ছিল না বলে তিনি দাবি করেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমান বলেন, প্রার্থীরা তাঁদের এজেন্ট প্রত্যাহার করে নিয়েছেন।