বাউফলে খাদ্যসহায়তা পেতে শুরু করেছেন জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সরকারিভাবে ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করার নয় দিন পর গতকাল বৃহস্পতিবার থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার জেলেরা খাদ্যসহায়তা পেতে শুরু করেছেন।
গতকাল উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৮০০ জেলে-পরিবারকে ২০ কেজি করে চাল খাদ্যসহায়তা হিসেবে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান উপস্থিত থেকে ওই চাল বিতরণ করেন।
ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক ওরফে আলকাছ মোল্লা চাল বিতরণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চাল পেয়ে জেলেরা খুশি হয়েছেন। তবে মাছ ধরা বন্ধের আগে চাল দিতে পারলে আরও ভালো হতো।’
উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘উপজেলায় জেলের সংখ্যা ৬ হাজারের বেশি। তাঁদের মধ্যে ৪ হাজার ৪৪৭ জনের জেলে হিসেবে পরিচয়পত্র হয়েছে। বাকিদের পরিচয়পত্র প্রক্রিয়াধীন। এর মধ্যে ২ হাজার ৯৪৯ জেলে-পরিবার মার্চ থেকে জুন পর্যন্ত—এই চার মাস ভিজিএফের ৪০ কেজি করে চাল পায়।’