বাউফলে খালে বাঁধ দিয়ে ছাত্রলীগ নেতার মাছ চাষ
পটুয়াখালীর বাউফল উপজেলার মূল ভূখণ্ড থেকে বিছিন্ন নাজিরপুর ইউনিয়নের চর মিয়াজানের মধ্য দিয়ে প্রবাহিত একমাত্র খালটি দখল করে নিয়েছেন স্থানীয় ছাত্রলীগের এক নেতা। তিন বছর ধরে খালটি দখলে নিয়ে সামনের অংশে একাধিক বাঁধ দিয়ে পুকুর তৈরি করে এবং স্লুইসগেট বন্ধ করে দেওয়ায় ওই খাল দিয়ে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে।খালের বেশির ভাগ অংশ শুকিয়ে ভরাট হওয়ার উপক্রম হয়েছে। আর যেখানে পানি রয়েছে, সেখানে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে। এ ছাড়া দৈনন্দিন কাজে সেখানকার পানি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না স্থানীয় বাসিন্দাদের; প্রয়োজনীয় পানি পাচ্ছেন না সেখানকার কৃষকেরা। এ অবস্থায় খালের দুই পাড়ের চার শতাধিক পরিবার চরম ভোগান্তির শিকার হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, বাউফলের বিচ্ছিন্ন এই চর মিয়াজানে প্রায় ১৫ হাজার লোক বসবাস করছে। এ ছাড়া রয়েছে প্রায় ১০ হাজার একর আবাদি জমি। চরবাসীদের জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষার জন্য সরকার ক্ষুদ্র পানি সম্পদ প্রকল্পের আওতায় চরের চারদিকে ১৪ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করে। এ চরের মাঝ দিয়ে বয়ে গেছে একটি খাল, যার সঙ্গে তেঁতুলিয়া নদীর সংযোগ রয়েছে। চরবাসী চাষাবাদের জন্য পানি ধরে রাখতে ২২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করে একটি স্লুইসগেট।অভিযোগ রয়েছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই নাজিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান প্রথমে খালের সম্মুখভাগে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দেন; বন্ধ করেন স্লুইসগেটটিও। এরপর পাশাপাশি দুটি স্থানে বাঁধ দিয়ে পুকুর বানিয়ে মাছ চাষ শুরু করেন। এ ছাড়া বাঁধের ওপর লাগিয়েছেন বিভিন্ন প্রজাতির গাছ। দীর্ঘ সময় পানিপ্রবাহ বন্ধ থাকায় পুরোনো এ খালের বেশির ভাগ অংশই শুকিয়ে গেছে। এ অবস্থায় কৃষকেরা প্রয়োজনীয় পানির অভাবে আশানুরূপ ফলন পাচ্ছেন না। অকেজো পড়ে রয়েছে স্লুইসগেটটি।চরের কৃষক মানিক মৃধার অভিযোগ, ছিদ্দিকুর রহমান ক্ষমতার প্রভার খাটিয়ে খালের বিভিন্ন অংশে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। স্লুইস গেটের দরজা আটকে পানিপ্রবাহ বন্ধ করে দিয়েছেন। বেড়িবাঁধের ভেতরে খালের অংশ শুকিয়ে যাওয়ায় জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। এ অবস্থায় রবি ফসল আবাদে সমস্যা হচ্ছে। স্থানীয় জেলে বারেক মৃধা ও মানিক মৃধা জানান, তাঁরা এ খাল দিয়া নৌকা নিয়ে তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে যেতেন। মাছ ধরার পর নৌকা খালের ঘাটে রাখতেন; কিন্তু খালে বাঁধ দেওয়ায় এবং ভেতরের অংশ শুকিয়ে যাওয়ায় নৌকা এখন নদীতে রাখতে হচ্ছে। খালপাড়ের বাসিন্দা মরিয়ম বিবি (৬৭) বলেন, ‘আমাগো নাওয়া-খাওয়া—সবই এ খালে অইত। এহন নাওয়া-খাওয়ার পানির জন্য নদীতে যাইতে হয়। বুড়াকালে খুব কষ্ট হয়।’খালে বাঁধ দেওয়া প্রসঙ্গে ছিদ্দিকুর রহমান বলেন, খালের যে অংশে বাঁধ দেওয়া হয়েছে, তা তাঁদের রেকর্ডীয় সম্পত্তির মধ্যে পড়েছে। এতে কারও আপত্তি করা ঠিক নয়।নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম ফারুক জানান, চরের পানি নিষ্কাশনের জন্য এ খালই একমাত্র মাধ্যম। বাঁধ দেওয়া এবং স্লুইসগেট বন্ধ করার বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান জানান, স্লুইসগেট কেউ নিজের সুবিধার জন্য ইচ্ছে করলেই আটকে রাখতে পারে না। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।