বাউফলে গুলি ও ককটেল ফাটিয়ে ডাকাতি, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা সদরে বাউফল থানার কাছে কুণ্ডুপট্টি এলাকায় গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে বীণা জুয়েলার্স নামে একটি স্বর্ণালংকারের দোকানে গুলি ও ককটেল ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গুলি ও ককটেলের স্প্লিন্টারে দোকানের দুই কর্মচারী ও এক রিকশাচালক আহত হয়েছেন।
গুলি ও ককটেলের বিস্ফোরণের শব্দে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন এলোমেলোভাবে ছোটাছুটি করতে থাকেন। এ সময় দোকানপাট বন্ধ হয়ে যায়।
আহত দুই কর্মচারী হলেন শিবাস (২২) ও সুধান্ন (২৮) এবং রিকশাচালকের নাম আলতাফ গাজী (৫০)। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, শিবাস ও সুধান্নের শরীর থেকে কিছু স্প্লিন্টার বের করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোকানের কর্মচারী আহত সুধান্ন বলেন, সন্ধ্যা সাতটার দিকে দোকানে তিন-চারজন সশস্ত্র ডাকাত অতর্কিতে গুলি ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
আহত রিকশাচালক আলতাফ গাজী বলেন, ‘আমি রাস্তায় চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। ওই সময় বিকট শব্দ শুনতে পাই এবং মুহূর্তের মধ্যে ককটেল এসে আমার বাঁ পায়ে লাগে।’
প্রত্যক্ষদর্শী চার-পাঁচজন বলেন, ‘বৃষ্টির মতো ককটেল ফাটাতে ফাটাতে ডাকাতেরা চলে যায়।’
দোকানের মালিক ও বাউফল পৌরসভার সাবেক প্রশাসক জীবনকৃষ্ণ সাহা বলেন, বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করা হয়েছে। তবে কী পরিমাণ স্বর্ণালংকার লুট করা হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ আহম্মেদ তালুকদার বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছানোর আগে ডাকাতেরা পালিয়ে যায়। দোকানে সিসি ক্যামেরা আছে। তা থেকেই ডাকাতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’