বাউফলে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রাম থেকে গত সোমবার রাতে হাসিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর স্বামী ছালাম মীর পলাতক রয়েছেন। হাসিনা বেগমের মা দেলোয়ারা বেগম বলেন, ‘অরা আমার মায়রে (হাসিনা বেগম) কী জানি করছে। আমার মায় বিষ (কীটনাশক) খাইতে পারে না।’ এ কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তাঁদের বড় ছেলে বাচ্চু মীর (২০) জানান, ঘটনার দিন তাঁর বাবা ছালাম মীর পটুয়াখালী ছিলেন। তাঁর মায়ের মাথায় সমস্যা (পাগল) ছিল। এ কারণে তিনি গত সোমবার বেলা ১১টার দিকে কীটনাশক (এনড্রিল) পান করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর বেলা সোয়া তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁর মাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনাটি পুলিশকে না জানিয়েই নিহতের লাশ তড়িগড়ি করে বাড়ি নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে সোমবার রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহিন গাজী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হাসিনা বেগমের মাথায় সমস্যা ছিল—এ কথা ঠিক নয়। তিনি সুস্থ ও স্বাভাবিক ছিলেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. গাজ্জালী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনার পর থেকেই ছালাম মীর পলাতক রয়েছেন। পটুয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।