আ.লীগ-সমর্থিত প্রার্থীকে সমর্থন না করার খেসারত
বাউফলে চার সমর্থকের দোকান ১৩ দিন বন্ধ রাখার অভিযোগ
পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন না করায় চার ব্যবসায়ীর চারটি দোকান ১৩ দিন ধরে বন্ধ রাখা হয়েছে। যুবলীগের নেতারা তাঁদের দোকানগুলো বন্ধ রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় ওই ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
ভুক্তভোগী ও এলাকাবাসী জানান, গত ২৩ মার্চ চতুর্থ দফায় বাউফল উপজেলা পরিষদ নির্বাচন হয়। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে সমর্থন না করায় পরদিন সকালে কেশবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিয়ানুর হাওলাদার ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মশিউর আকনের নেতৃত্বে ৩০-৩৫ জন মমিনপুর বাজারের হালিম গাজী, ফিরোজ মৃধা, বাদল শরীফ ও কুদ্দুস বয়াতির দোকানে তালা ঝুলিয়ে দেন। এ সময় তাঁরা তাঁদের মারধরও করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানমালিক হালিম, ফিরোজ, বাদল ও কুদ্দুস বিএনপির ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী তসলিম তালুকদারের সমর্থক ছিলেন। নির্বাচনের দিন সকাল সাড়ে আটটার মধ্যে ভোটকেন্দ্র দখলের অভিযোগে ভোট বর্জন করেন তসলিম। বিজয়ী হন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. মজিবুর রহমান।
হালিম গাজী বলেন, ‘আমার দোকানটি বন্ধ করে দেওয়ায় ১৩ দিন ধরে কোনো কামাই-রোজগার করতে পারি নাই। পোলাপাইনেগো দিকে চাওন যায় না। খুব কষ্টে আছি।’ ফিরোজ মৃধা বলেন, ‘দোকান বন্ধ কইরা দেওয়ার পর অইতে ধারদেনা করে কোনো রহম সংসার চালাইছি। এহন আর পারতাছি না।’
দোকান বন্ধ করে দেওয়া ও মারধর করার অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা ছিয়ানুর হাওলাদার বলেন, ওঁরা (ব্যবসায়ীরা) ভয়ে দোকান বন্ধ করে রেখেছেন। এক-দুই দিনের মধ্যে দোকান খোলার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘এ রকম কোনো ঘটনার সঙ্গে আমার কোনো কর্মী কিংবা সমর্থক জড়িত নেই।’
ভুক্তভোগী ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিষয়টি বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে। কিন্তু তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তবে বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, ওদের দোকান খাসজমিতে। তাই দোকান নিয়ে ঝামেলা আছে। বিষয়টি স্থানীয়ভাবে ফয়সালা করে দোকানগুলো খুলে দেওয়া হবে।