বাউফলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. জাহিদকে (২৪) কুপিয়ে জখম করা হয়েছে। অভ্যন্তরীণ বিরোধের জের ধরে শুক্রবার একই দলের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।আহত জাহিদের ভাই প্রভাষক মো. জহিরুল ইসলাম অভিযোগ করেন, গত ইউপি নির্বাচনের সময় থেকে জাহিদ ও ছাত্রলীগের কর্মী মো. নোমানের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে শুক্রবার রাতে নোমানের (২৫) নেতৃত্বে ছয়-সাতজন জাহিদকে কুপিয়ে জখম করে। রাত নয়টার দিকে কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের চৌমোহনী বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় জাহিদকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জাহিদ সুস্থ হওয়ার পর এ ঘটনায় তাঁরা থানায় মামলা করবেন।নোমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে জাহিদকে কুপিয়ে জখম করার অভিযোগ অস্বীকার করা হয়েছে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, আহত ওই নেতার পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।