বাউফলে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ দুজন গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফল উপজেলায় গতকাল সোমবার ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ সময় তিনজন আহত হন। বৈশাখী মেলায় পুতুলনাচের অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে স্থানীয় সরকারি পাবলিক মাঠে বৈশাখী মেলায় পুতুলনাচ দেখতে গিয়ে প্যান্ডেলে চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই নেতার মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে হুইপ-সমর্থিত বাউফল পৌরসভা ছাত্রলীগের এক পক্ষের সাধারণ সম্পাদক মো. নিয়াজ মোর্শেদসহ কয়েকজন মিলে ডাকবাংলোর সামনে উপজেলা ছাত্রলীগের মেহেদী হাসানকে মারধর করে। খবরটি ছড়িয়ে পড়লে মেহেদীর সমর্থকেরা ঘটনাস্থলে আসে। এ সময় দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে বেলা দেড়টার দিকে মেহেদীসহ কয়েকজন মোর্শেদকে ও কুপিয়ে আহত করে। তাঁকে বাঁচাতে তাঁর বড় ভাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। মোর্শেদ ও খলিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মোর্শেদকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় খলিল বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন।