বাউফলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল সরকারি কলেজে গতকাল সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বেলা ১১টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইউসুফ রানা ও সাধারণ সম্পাদক সাইফুর রহমানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এই পক্ষটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হকের সমর্থক হিসেবে পরিচিত। তাঁদের মিছিলে বাধা দেন বহিরাগত মো. সুজনের নেতৃত্বে কয়েকজন। তাঁরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সরকারদলীয় চিফ হুইপ আ স ম ফিরোজের সমর্থক হিসেবে পরিচিত। দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সুজনকে লাঞ্ছিত করা হয়।
মিছিল শেষে দুপুর ১২টার দিকে ইউসুফ নেতা-কর্মীদের নিয়ে বাউফল সদরের হাইস্কুল মার্কেটের একটি চায়ের দোকানের সামনে যান। তখন তাঁদের ওপর হামলা চালান সুজনের বড় ভাই প্রজন্ম লীগের উপজেলা কমিটির সদস্য মো. মাহাবুব ও তাঁর সহযোগীরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে মেয়র পক্ষের ইউসুফ রানা, সাইফুর ও দেবাশীষ এবং চিফ হুইপ পক্ষের মাহাবুব, তাঁর ছোট ভাই খোকন ও উপজেলা ছাত্রলীগের একাংশের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল কবির আহত হন। খবর পেয়ে বাউফল থানা-পুলিশ গিয়ে লাঠিপেটা ও একটি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান অভিযোগ করেন, সামসুলের নেতৃত্বে ছাত্রদল থেকে আসা কয়েকজন নব্য ছাত্রলীগ কর্মী অতর্কিত হামলা চালিয়ে ইউসুফ, সাইফুরসহ কয়েকজনকে পিটিয়ে আহত করেছেন।
তবে সামসুল কবির অভিযোগ অস্বীকার করেন।