বাউফলে ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে মিছিল
পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের (কলেজিয়েট) ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত বখাটেকে গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা মিছিল করেছে।দুপুর পৌনে ১২টার দিকে মিছিলটি বিদ্যালয় থেকে বের হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় হয়ে বিদ্যালয়ে এসে শেষ হয়। মিছিলকারীরা এ ঘটনায় জড়িত বখাটে রনিকে (১৯) গ্রেপ্তার ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হুমায়ন কবির বলেন, ‘প্রায় তিন বছর আগে বখাটেরা উত্ত্যক্ত করায় শম্পা নামের বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী আত্মহননের পথ বেছে নেয়। আমরা শম্পার মতো আর কাউকে হারাতে চাই না।’ তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ওই ছাত্রীটি বলে, গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে আনোয়ার মাস্টারের বাগান এলাকায় স্থানীয় রফিক খানের ছেলে রনি তার গতিরোধ করে প্রেমের প্রস্তাব দেন। সে রাজি না হওয়ায় রনি তার মুখ চেপে টানাহেঁচড়া ও শ্লীলতাহানি করেন। পরে বিদ্যালয়ে গিয়ে অধ্যক্ষ বরাবরে লিখিত অভিযোগ করে সে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. গাজ্জালী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং বখাটেকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে। ওই বখাটেকে অবশ্যই গ্রেপ্তার করা হবে।