বাউফলে জেএসসি পরীক্ষায় প্রশাসনের সম্মানী ফি!
প্রশাসনকে সম্মানী ভাতা দেওয়ার নাম করে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৪ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষার শুরু হবে। বর্তমানে ফরম পূরণের কাজ চলছে। ৮ আগস্ট পর্যন্ত ফরম পূরণের কাজ চলবে। এ জন্য বোর্ড ফি বাবদ ৭০ টাকা ও অন্যান্য খরচ বাবদ ১৩০ টাকা, মোট ২০০ টাকা ফি ধার্য করা হয়েছে।উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়, কালাইয়া হায়াতুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়, হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়, বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় ও খেজুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশ কয়েকজন অভিভাবক বলেন, প্রশাসনকে সমঞ্চানী ভাতা দেওয়ার দোহাই দিয়ে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ৩০০ টাকাসহ মোট ৫০০ টাকা আদায় করা হচ্ছে। এ ব্যাপারে ওই বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা অভিযোগ অস্বীকার করেন। ওই সব বিদ্যালয় বাদেও উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগের ব্যাপারে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুর রব মোল্লা বলেন, পরীক্ষার সময় প্রশাসনকে সমঞ্চানী বাবদ টাকা দিতে হয়, যা প্রধান শিক্ষকেরা জোগাড় করে দিয়ে থাকেন। তবে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয় না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ বলেন, এমন অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার বলেন, ফরম পূরণে কোনোভাবেই ২০০ টাকার বেশি আদায় করার নিয়ম নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।