বাউফলে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে শিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া শিক্ষকের বয়স ৫০ বছর। তিনি বাউফলের পুনাহুরা সিনিয়র মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক ছিলেন। বাড়ি উপজেলার কালিশুরী ইউনিয়নের কালিশুরী এস এ ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই শিক্ষক বেশ কিছু দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হয়। এ অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কালিশুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নেছার উদ্দিন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আক্তারুজ্জামান বলেন, মারা যাওয়া শিক্ষকের করোনাভাইরাসের উপসর্গ ছিল। তাই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া শিক্ষকের স্বজনদের বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।