বাউফলে তিন ভাইকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফলে শহিদুল মুন্সি (৪০), শাহাবুদ্দিন মুন্সি (৫৫), ও শাহাদুল মুন্সি (৩৫) নামের তিন সহোদরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় উত্তর কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটেছে।
এলাকার কয়েকজন ও আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, কালাইয়া গ্রামের শহিদুল মুন্সির সঙ্গে একই গ্রামের আলতাফ হাওলাদারের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনার জের ধরে গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ি যাওয়ার পথে ওই বিদ্যালয় এলাকায় পৌঁছালে আলতাফ হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদারের নেতৃত্বে ১০-১২ জন তাঁদের তিন ভাইকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে পালিয়ে যান।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় তাঁদের সঙ্গে থাকা এক লাখ ৪১ হাজার টাকা ও দুটি মুঠোফোন প্রতিপক্ষের লোকজন ছিনিয়ে নিয়েছে বলে দাবি করেন শহিদুল মুন্সি। এ বিষয়ে সোহাগ হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর বাবা আলতাফ হাওলাদার এ ঘটনার সঙ্গে তাঁদের কোনো লোক জড়িত নন বলে দাবি করেন।