বাউফলে ধান লুটেরারা তৎপর, শঙ্কিত কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমন ধান কাটার মৌসুম শুরু হতে না হতেই পটুয়াখালীর বাউফল উপজেলার চরাঞ্চলে জোতদার-মহাজন এবং একই জমির মালিক দাবিদার একাধিক পক্ষ ধান কেটে নিতে তৎপর হয়ে উঠেছে। পাকা ধান লুটে নিতে চরাঞ্চলে লাঠিয়ালদের আনাগোনাও শুরু হয়েছে। এতে কৃষকেরা শঙ্কিত হয়ে পড়েছেন। এদিকে ভূমিহীন কৃষকদের কষ্টার্জিত ফসল যাতে জোর করে কেউ কেটে নিতে না পারে, সে লক্ষ্যে উপজেলা ভূমি অফিস ইতিমধ্যে সংঘর্ষপ্রবণ নয়টি চরের প্রায় ৫০০ একর খাসজমি চিহ্নিত করে সেখানে লাল নিশান উড়িয়েছে। চরগুলো হচ্ছে চর ব্যারেট, চর মিয়াজান, চর রায় সাহের, চর শৌলা, চর দিয়ারা কচুয়া, চর বাসুদেব পাশা, চর তাবলিক, চর মোমিন ও চর ইশান। উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের চর ইশানের কৃষক আবুল বাশার জানান, শুক্রবার ভোরে লাঠিয়ালেরা জোর করে তাঁর দুই একর ও শহীদুল ব্যাপারির এক একর খেতের ধান কেটে নিয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমণি চাকমা জানান, এ বছর প্রান্তিক চাষিরা যাতে তাঁদের ফসল ঘরে তুলতে পারেন, সে জন্য নাজিরপুর ইউনিয়নের চর ব্যারেট ও ধুলিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।বাউফলের সহকারী কমিশনার (ভূমি) মৃণাল কান্তি দে জানান, চরাঞ্চলের একজনের ফসল অন্য পক্ষ দাবি করে কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাই যেসব ভূমিহীন কৃষক খাসজমি বন্দোবস্ত নিয়ে চাষাবাদ করেছেন, তাঁরা যাতে ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে পারেন, সে ব্যবস্থা নিয়েছে ভূমি অফিস। ইতিমধ্যে নয়টি চরে বিরোধপূর্ণ প্রায় ৫০০ একর জমিতে ভূমি অফিস লাল নিশান উড়িয়ে দিয়েছে। ইউনিয়ন সহকারী ও উপসহকারী ভূমি কর্মকর্তারা এসব খাসজমি চিহ্নিত করে জমির প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান বলেন, বড় ধরনের কোনো ঘটনা ঘটার আশঙ্কা নেই। কৃষকেরা যাতে নির্বিঘ্নে তাঁদের ফসল ঘরে তুলতে পারেন, সে ব্যাপারে উপজেলা প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে।