বাউফলে নির্যাতনের শিকার শিশু বিনা চিকিৎসায় থানাহাজতে
চুরি করতে গিয়ে ধরা পড়ে নির্যাতনের শিকার শাকিল (১২) নামের এক শিশুকে বিনা চিকিৎসায় প্রায় ৩৪ ঘণ্টা থানাহাজতে আটকে রাখা হয়। বিষয়টি জানাজানি হলে শেষ পর্যন্ত গতকাল সোমবার শিশুটিকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠান। গত রোববার রাত আটটার দিকে বাউফল থানাহাজতে গিয়ে দেখা যায়, শাকিল শুয়ে ব্যথায় কাতরাচ্ছে। তার শরীরে নির্যাতনের ক্ষত। নাম ধরে ডাকতেই চোখ মেলে সে। দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতেও পারছিল না ছেলেটি। ব্যথায় কাতরাতে কাতরাতে শাকিল বলে, ‘স্যার, আমারে ছাইড়া দ্যান। আর এমুন করুম না।’নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য জানান, শনিবার রাত ১২টার দিকে বাউফল পৌরসভার মাঠসংলগ্ন পঞ্চম আলী নামের এক ব্যক্তির ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে শিশুটি ধরা পড়ে। ওই সময় লোকজন তাকে পিটিয়ে জখম করে। পরে ফারুক নামের এক ব্যক্তি শিশুটিকে কোলে করে থানায় নিয়ে এলে তাকে থানাহাজতে রাখার নির্দেশ দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. গাজ্জালী। রোববার পঞ্চম আলী চুরি মামলা করেন। এর পরও শিশুটিকে আদালতে না পাঠিয়ে থানাহাজতে রাখা হয়।শিশুটির বাবা এনায়েত হোসেন খান বলেন, ‘আমি ঢাকায় ব্যবসা করি। আমার ছেলে শাকিল বাউফলের নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ে। আমার অনুপস্থিতিতে সে হয়তো বন্ধুদের নিয়ে কিছু অপরাধ করছে। সে জন্য তারে এভাবে মারা, আবার জখম শিশুটারে চিকিৎসা না করাইয়া থানাহাজতে এ্যামনে ফেলায় রাখাটাও মানুষের কাজ না। আমি এর বিচার চাই।’ এদিকে শিশুটিকে চিকিৎসা না দিয়ে থানাহাজতে রাখার ঘটনায় বাউফল মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক অতুল পাল তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।ওসি জুলফিকার অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে মামলা দেরিতে হওয়ায় তাকে রোববার আদালতে পাঠানো যায়নি।