বাউফলে পিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু
পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামে প্রতিপক্ষের পিটুনিতে আহত মো. বশার শিকদার (৩৫) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বশার শিকদার একই গ্রামের ওয়াজেদ আলী শিকদারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বাঁশ বেচাকেনা নিয়ে একই এলাকার সোহরাব চৌকিদার ও ইব্রাহিম প্যাদার মধ্যে কথা-কাটাকাটির পর সংঘর্ষ বাধে। একপর্যায়ে বশারকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাঁকে প্রথমে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ওই দিনই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. গাজ্জালী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।গৌরনদীতে স্কুলছাত্রের লাশ উদ্ধারগৌরনদী (বরিশাল) প্রতিনিধি জানান, উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের পানবরজের ভেতর থেকে সোমবার রাতে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইমরান হাওলাদার (১৩)। সে গৌরনদী উপজেলার হরহর গ্রামের মামা শহিদুল ইসলাম ঢালীর বাড়িতে সপ্তম শ্রেণীতে পড়ত।