বাউফলে পুলিশি পাহারায় ছাত্রলীগের দুই পক্ষের পৃথক মানববন্ধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবিতে পুলিশি পাহারায় পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রলীগের দুই পক্ষ পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
গতকাল বুধবার ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে দুই পক্ষই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়।
গতকাল বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে ও মুসলিমপাড়া সড়কে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান ও সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামশেদের নেতৃত্বাধীন কমিটির নেতা-কর্মীরা মানববন্ধন করেন।
তাঁরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক ওরফে জুয়েল-সমর্থিত।
একই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে স্থানীয় সাংসদ ও চিফ হুইপ আ স ম ফিরোজ-সমর্থিত উপজেলা ছাত্রলীগের পাল্টা কমিটির সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মশিউর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীরা মানববন্ধন করেন।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল জামান বলেন, পুলিশ সতর্ক থাকার কারণে কোনো প্রকার সহিংসতা ছাড়াই দুই পক্ষ শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, অনেক দিন থেকে চিফ হুইপ ও মেয়রকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এ কারণে তিন সপ্তাহ ধরে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, দুই পক্ষের মধ্যে যাতে কোনো সংঘর্ষ না হয়, সে জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।