কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরুর আগেই প্রকল্প এলাকায় সাইনবোর্ড টাঙানোর সরকারের নির্দেশনা থাকলেও পটুয়াখালীর বাউফলে গত পাঁচ বছরে কোনো প্রকল্পে তা মানা হয়নি। নামমাত্র কাজ করে প্রকল্পের জন্য বরাদ্দ গম-চাল ও টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রকল্প এলাকায় কোনো সময় কোনো সাইনবোর্ড টাঙানো হয়নি—এমন অভিযোগ এলাকাবাসীর।
সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার, তথ্য জানার অধিকার নিশ্চিত করা ও কাজের স্বচ্ছতার জন্য কাবিখা ও কর্মসংস্থান প্রকল্পে সাইনবোর্ড টাঙানোর জন্য সরকারের নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা যথাযথভাবে মানতে প্রকল্প বাস্তবায়নের নীতিমালায় গুরুত্ব দিতে বলা হয়েছে। নীতিমালা অনুযায়ী, প্রকল্প এলাকায় কাজ শুরুর আগেই সাইনবোর্ড টাঙিয়ে ওই প্রকল্পের আয়তন, বরাদ্দের পরিমাণ, কাজের বিবরণ, শ্রমিকের মজুরির হারসহ ১০টি বিষয়ে বিস্তারিত তথ্য থাকার কথা। সাইনবোর্ডে প্রকল্প কমিটির চেয়ারম্যানের নাম, ঠিকানা, জেলা প্রশাসকের ফোন নম্বর ও প্রকল্প পরিচালকের ফোন নম্বর থাকার নিয়ম রয়েছে; যাতে জনগণ কোনো অভিযোগ সহজে কর্তৃপক্ষকে জানাতে পারেন। এ ছাড়া কোনো প্রকল্পে সঠিক সাইনবোর্ড প্রদর্শনে ব্যর্থতার কারণে ওই প্রকল্প বাতিল করে দেওয়ার কথাও নীতিমালায় রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে উপজেলায় কাবিখা কর্মসূচির প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১৭৮ মেট্রিক টন গম-চালের বিপরীতে ৩৪টি প্রকল্প এবং একই অর্থবছরে কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুই কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ১১০টি প্রকল্প বাস্তবায়িত হয়। চলতি অর্থবছরে কাবিখা কর্মসূচির কোনো প্রকল্প শুরু হয়নি। তবে কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুই কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ৭১টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। গত কয়েক দিনে বেশ কয়েকটি প্রকল্প এলাকা ঘুরে কোনোটিতেই সাইনবোর্ড দেখা যায়নি। প্রকল্পের গম-চাল ও টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে মদনপুরা ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘সঠিকভাবে কাজ করা হয়েছে। আর সাইনবোর্ড টাঙানো না হয়ে থাকলে আমি শিগগিরই তা টাঙানোর ব্যবস্থা করব।’ একই রকম কথা বলেন কালাইয়া, কাছিপাড়া, ধুলিয়া ইউপির চেয়ারম্যানরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম দেলোয়ার হোসেন বলেন, খুব শিগগির সাইনবোর্ড টাঙানোর ব্যবস্থা নেওয়া হবে।