বাউফলে প্রচারণায় ফের হামলা, আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী তসলিম তালুকদারের প্রচারকাজে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে অন্তত নয়জন আহত হন। গতকাল মঙ্গলবার উপজেলার কালিশুরী বাজারে এ ঘটনা ঘটে। তসলিম তালুকদারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. সেলিম জানান, এর আগে গত ১০ মার্চ রাতে মদনপুরা ইউনিয়নে তসলিম তালুকদারের একটি উঠান বৈঠকে হামলা চালিয়ে ১০ জনকে আহত করা হয় এবং ১৬ মার্চ উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে গণসংযোগে গেলে তসলিম ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এতে তসলিমের ১২ সমর্থক আহত হন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তসলিম গতকাল দুপুরে তাঁর কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলার কালিশুরী বাজারে গণসংযোগ করছিলেন। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মী বজলু সিকদারের নেতৃত্বে ২৫-৩০ জন তাঁদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা তসলিমকে স্থানীয় জলিল সিকদারের বাড়িতে অবরোধ করে রাখেন। খবর পেয়ে নির্বাহী হাকিম মাসুদুল আলম ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন। পরে পরিস্থিতি শান্ত হয়। আওয়ামী লীগের কর্মী বজলু সিকদার হামলার ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন।