বাউফলে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে পটুয়াখালীর বাউফলে প্রতিপক্ষের হামলায় মো. ইব্রাহিম মোল্লা (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার বগা ইউনিয়নের চাবুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই রাতেই নিহতের বাবা আবদুল বারেক মোল্লা ছয়জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের আবদুল খালেক দালালের সঙ্গে আবদুল বারেক মোল্লার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার বিকেলে আবদুল বারেক মোল্লার ছেলে ইব্রাহিম বগা বাজারে যাচ্ছিলেন। সন্ধ্যার দিকে মোসলেম চৌকিদার বাড়ির পশ্চিম পাশে আবদুল খালেক দালালের ছেলে বাচ্চু দালালের (৩৫) নেতৃত্বে ছয়-সাতজন তাঁর ওপর হামলা চালান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।