বাউফলে প্রশিক্ষণের নামে প্রতারণা
পটুয়াখালীর বাউফলে মিডস আইটি নামের একটি অনুমোদনহীন প্রতিষ্ঠান কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার কথা বলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) পদ্ধতিতে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে এখানকার শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার চেয়ে কীভাবে টাকা উপার্জন করা যায়, সে প্রতিযোগিতা চলছে।বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মারাফত আলী বলেন, ‘পটুয়াখালী জেলায় মিডস আইটি ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার নামে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত কোনো প্রশিক্ষণকেন্দ্র নেই। তাই শিক্ষার্থীরা অবশ্যই প্রতারিত হচ্ছে।’বাউফল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার আফনান ভিলার নিচতলা ভাড়া নিয়ে চলছে মিডস আইটির কার্যক্রম। এ কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেখানে প্রায় ৭০০ শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মাত্র একজন প্রশিক্ষক আছেন। শিক্ষার্থীদের বেশির ভাগই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের।এ ব্যাপারে একাধিক শিক্ষার্থী জানায়, ভর্তির সময় সবার কাছ থেকে পাঁচ হাজার টাকা করে এককালীন নেওয়া হয়েছে। প্রথমে একজন শিক্ষার্থীকে ভর্তির সময় পাঁচ হাজার টাকা দিতে হয়। এরপর তার হাত ধরে আরেকজন ভর্তি হলে প্রথম শিক্ষার্থী নগদ ৫০০ টাকা পাবে। এভাবে একজনের মাধ্যমে ছয়জন ভর্তি হলে তিনি পাবেন এক হাজার ৪০০ টাকা। তার ভর্তি করানো শিক্ষার্থীরা অন্য কাউকে ভর্তি করালে তারাও ক্রমান্বয়ে এভাবে নির্দিষ্ট টাকা পেতে থাকবে। আর এ কারণেই এখানকার শিক্ষার্থীদের মধ্যে চলছে নতুন শিক্ষার্থী ভর্তি করানোর প্রতিযোগিতা। সরেজমিনে দেখা গেছে, বাউফলের কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসা ও বাউফল মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ওই কার্যালয়ে গিয়ে কম্পিউটার শেখার পরিবর্তে মাল্টি লেভেল মার্কেটিংয়ের খুঁটিনাটি শিখছে।শিক্ষার্থীরা আরও জানায়, কম্পিউটার শেখানোর পর তাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদ দেওয়া হবে বলে ভর্তি নেওয়া হয়েছে। অথচ কম্পিউটার শেখানো বাদ দিয়ে আরও শিক্ষার্থী ভর্তি করে কীভাবে কোটিপতি হওয়া যাবে, এমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে কীভাবে নতুন শিক্ষার্থী ভর্তি করানো যায়, সেসব কলাকৌশলের কাগজপত্র। আর এখন বলছে কারিগরি শিক্ষা বোর্ডের সনদ নয়, তাদের দেওয়া হবে ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান’ লেখা সনদ।আবদুর রউফ নামের নবম শ্রেণীর একজন শিক্ষার্থীর অভিভাবক মো. ইসমাইল জানান, তাঁর ছেলেকে কম্পিউটার শেখানোর পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদ দেওয়ার কথা বলে এখন এমএলএম-পদ্ধতি শেখাচ্ছে। এখন সে লেখাপড়া বাদ দিয়ে টাকা উপার্জনের দিকে ছুটছে। এটা তাঁর ছেলেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।মিডস আইটির পরিচালক নুরুল আমিন বলেন, ‘ঢাকার মিরপুরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত আমাদের মিডস আইটি ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার নামের একটি প্রতিষ্ঠান আছে। এটা তারই একটি শাখা।’এ প্রতিষ্ঠান-সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে নুরুল আমিন গত বছরের ২২ ডিসেম্বর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) পরিচয়ে মো. আবদুর রেজ্জাক নামের একজন ব্যক্তির স্বাক্ষরিত একটি কাগজের ফটোকপি দেখান। তবে ওই কাগজে স্পষ্ট উল্লেখ আছে, কোনোভাবেই এ প্রতিষ্ঠানের অন্য কোনো শাখা খোলা যাবে না। এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এমএলএম-পদ্ধতির কোনো অনুমতি নেই। আর প্রথমে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা বোর্ডের সনদ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু আসলে তাঁদের প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত, এমন লেখার সনদ দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম জানান, এ রকম ঘটনা তাঁর জানা নেই। তবে এ ব্যাপারে খোঁজখবর নিয়ে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।