বাউফলে প্রার্থীর ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মজিবুর রহমানের নেতৃত্বে তাঁর সমর্থকেরা বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী তসলিম তালুকদার ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তসলিম তালুকদারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. সেলিম জানান, এ নিয়ে চতুর্থ দফায় তসলিম তালুকদারের ওপর হামলা চালানো হলো।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তসলিম তালুকদার দুপুরে মোটরসাইকেলে করে উপজেলার কালিশুরী বাজারে গণসংযোগে যাচ্ছিলেন। একটার দিকে চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে মুজিবর রহমানের সমর্থকেরা তাঁকে আটক করেন। একপর্যায়ে মজিবুর রহমান প্রায় ২০০ মোটরসাইকেলের একটি বহর নিয়ে সেখানে উপস্থিত হন। পরে তসলিমকে তাঁরা মারধর করেন। তাঁর পোশাক ছিঁড়ে ফেলা হয়। তিনি আত্মরক্ষার্থে দৌড়ে একটি দোকানে আশ্রয় নেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মাসুদুল আলম ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। তখনো তসলিমকে মজিবুর ও তাঁর সমর্থকেরা গালাগাল করছিলেন এবং মারার জন্য তেড়ে যাচ্ছিলেন। এ ঘটনার পর আওয়ামী লীগের কর্মীরা প্রায় ৩০০ মোটরসাইকেল নিয়ে উপজেলা শহর থেকে কালিশুরী বাজার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে মহড়া দেন। অভিযোগ অস্বীকার করে মজিবুর রহমান বলেন, ‘আমার বড় ছেলেকে পিস্তল ঠেকিয়েছেন তসলিম চেয়ারম্যান। ভাগ্যগুণে সে বেঁচে যায়। তখন তসলিম জনতার রোষানলে পড়েন।’
তবে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মাসুদুল আলম বলেন, তাঁর (তসলিম) সঙ্গে কোনো পিস্তল কিংবা কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি। তসলিম তালুকদার বলেন, ‘সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য তাঁরা আমার ওপর বারবার হামলা চালিয়ে যাচ্ছে। আমার কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ক্ষমতাসীন দলের ক্যাডার বাহিনী বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে।’ সহকারী রিটার্নিং কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমান বলেন, এ ধরনের হামলার ঘটনা দুঃখজনক। দুই-এক দিনের মধ্যে সেনাবাহিনী ও বিজিবি এলে এ পরিবেশ আর থাকবে না।