বাউফলে প্রেমিকের কাছে প্রতারিত অন্তঃসত্ত্বা কিশোরীর আত্মহত্যা
‘আমার এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে যাওয়ার কারণ কেউ বুঝতে না পারলেও বলি, এই পৃথিবীতে কিছু ছেলে আছে যারা গোটা পৃথিবী ধ্বংস করে দিতে পারে। আমি জানি, এই পৃথিবীতে আসা যেমন কঠিন, যাওয়াও তেমনি কঠিন। তবুও আমি দেখিয়ে দিতে চাই, মানুষের জীবনের চেয়ে ভালোবাসার মূল্য অধিক। আমার মতো আর কোনো নারীকে যেন এভাবে জীবন দিতে না হয়।’ মৃত্যুর আগে ডায়েরিতে এভাবেই নিজের অব্যক্ত কথাগুলো লিখে গিয়েছিল নবম শ্রেণীর ছাত্রী মুনিয়া বেগম মুন্নি (১৩)।পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের গুলবাগ গ্রামের হতদরিদ্র করিম সিকদারের মেয়ে মুন্নিকে গতকাল শনিবার সকালে তার প্রেমিক সোহাগের ঘরের পেছনে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, করিম সিকদারের তিন সন্তানের মধ্যে মুন্নি সবার বড়। স্থানীয় গুলবাগ সিনিয়র মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী মুন্নি মাদ্রাসায় যাওয়া-আসার পথে তাকে প্রেম নিবেদন করত একই গ্রামের সোহাগ (১৮)। চার-পাঁচ মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে মুন্নির সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে সোহাগ। একপর্যায়ে মুন্নি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।মুন্নির মা মরিয়ম বেগম বলেন, কিছুদিন আগে মুন্নি তাঁকে সোহাগের সঙ্গে সম্পর্ক ও অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানায়। এ কথা শুনে তিনি সোহাগের কাছে ছুটে যান এবং মুন্নিকে বিয়ে করতে বলেন। এরপর সোহাগ মুন্নির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।মরিয়ম বেগম আরও জানান, বৃহস্পতিবার মুন্নিকে খাতায় কী যেন লেখালেখি করতে দেখেছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় মুন্নি সোহাগদের বাড়ি গিয়ে আর ফিরে আসেনি। পরে গতকাল সকালে সোহাগের বাড়ির পেছনে গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মুন্নিকে দেখা যায়। এ ঘটনার পর থেকে সোহাগের বাড়ির লোকজন গা ঢাকা দিয়েছে।গতকাল সকালে পুলিশ মুন্নির লাশ উদ্ধার করে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।গুলবাগ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. সিরাজুল হক তালুকদার জানান, মেধাবী ছাত্রী মুন্নি জেডিসি পরীক্ষায় ভালো ফল করেছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিচার দাবি করেন। ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিদ্দিকুর রহমান জানান, মুন্নির বাবা ঢাকায় বাসের চালকের সহকারী হিসেবে কাজ করেন। তিনি বলেন, মুন্নিকে যেভাবে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, তাতে তার মৃত্যু নিয়ে রহস্য থেকে যায়। মুন্নি আত্মহত্যা করেছে, নাকি তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে—এ বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমনি চাকমা জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তিনি জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ওসি জানান, সোহাগকে সন্ধ্যায় কাচিপাড়া লঞ্চঘাটে ঢাকাগামী একটি লঞ্চ থেকে আটক করা হয়েছে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর ছিদ্দিক জানান, একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। মুন্নির মা জানিয়েছেন, মুন্নি অন্তঃসত্ত্বা ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।