বাউফলে ফুটবল মাঠে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা চলছিল। হঠাৎ করেই বিবাহিত একাদশের মো. ইউসুফ আলী (৩২) নামের এক খেলোয়াড় মাঠের মধ্যে অচেতন হয়ে পড়েন। মুহূর্তেই সবকিছু থেমে যায়। দ্রুত ইউসুফকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। তিনি একই ইউনিয়নের বটকাজল গ্রামের বাসিন্দা বাদশা কারিকরের ছেলে।
খেলা দেখতে আসা মাদ্রাসাশিক্ষক মো. ইউসুফ সেন্টু কান্নাজড়িত কণ্ঠে বলেন জার্সি গায়ে আর কখনো মাঠে খেলতে নামবেন না ইউসুফ।
ইউসুফের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ইউসুফ আলী স্ট্রোকে মারা গেছেন।