পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের জের ধরে গতকাল শুক্রবার সকালে আরও দুজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে।আহত ব্যক্তিরা হলেন: চাঁদকাঠি গ্রামের শাহাবুদ্দিন হাওলাদার (৩৫) ও বাচ্চু হাওলাদার (৩৩)। এর মধ্যে শাহাবুদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার বিকেলে রেফারির খেলা পরিচালনা নিয়ে বিতর্কের জের ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথম সংঘর্ষ হয়। ওই সময় উভয় পক্ষের ১০ জন আহত ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। গ্রামবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ধুলিয়া ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে কলেজিয়েট বিদ্যালয় মাঠে স্থানীয় হুসনাবাদ ও চাঁদকাঠি গ্রামের মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলায় চাঁদকাঠি গ্রাম ১-০ গোলে হেরে যায়। খেলা শেষে চাঁদকাঠি গ্রামের সমর্থকেরা রেফারিকে দায়ী করে তাঁর ওপর চড়াও হন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।