বাউফলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য আবুল কালাম খান (৬৭) সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বেলা সোয়া একটার দিকে বাউফল পৌরসভার বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

দলীয় কোন্দলের জের ধরে ছাত্রদল ও যুবদলের ক্যাডাররা তাঁকে কুপিয়ে জখম করেছে বলে আবুল কালাম অভিযোগ করেছেন। তিনি জানান, দুপুরে তিনি মসজিদে জোহরের নামাজ আদায় করতে যাচ্ছিলেন। এ সময় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক (একাংশ) মো. পলাশ (২৫) ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (একাংশ) মো. জসিমের (২৪) নেতৃত্বে সাত-আটজন পিস্তল ঠেকিয়ে তাঁর গতিরোধ করে। তারা রামদা ও কুড়াল দিয়ে তাঁর দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে চলে যায়।

দলীয় সূত্রমতে, সম্প্রতি উপজেলা বিএনপির একটি সভায় আবুল কালাম পৌর বিএনপির কমিটি ভেঙে নতুন কমিটি করার মতামত দেন এবং সভাপতি হিসেবে একজনের নাম প্রস্তাব করেন। এ নিয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের সঙ্গে আবুল কালামের বিরোধ সৃষ্টি হয়।

পলাশ ও জসিম ঘটনা সম্পর্কে মুঠোফোনে বলেন, দলীয় কোন্দলের জের ধরে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে আবুল কালামের মারামারি হয়েছে। তবে ওই সময় তাঁরা উপস্থিত ছিলেন না।

বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।