বাউফলে বিএনপির ছয় নেতাকে কুপিয়ে জখম
পটুয়াখালীর বাউফলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গার্লস স্কুল-মুসলিমপাড়া সড়কের বশার মিয়ার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।আহত ব্যক্তিদের মধ্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী মো. হুমায়ুন কবির (৩৯), যুবদলের সহ-আহ্বায়ক হাজী পলাশ (২৯), পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন (৩০) ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. খলিলুর রহমানকে (২৮) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মো. হুমায়ুন কবির অভিযোগ করেন, পৌর নির্বাচনের প্রচারণা শেষ করে তাঁর সমর্থকদের নিয়ে তিনি বাসায় ফিরছিলেন। পথে উপজেলা ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক শামসুল কবিরের নেতৃত্বে ২০-২৫ জন লোক তাদের ওপর অতর্কিত হামলা শুরু করে। এ সময় তিনিসহ বিএনপির আরও পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।অভিযোগ অস্বীকার করে শামসুল কবির দাবি করেন, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাঁর জানা নেই। তিনি পাল্টা অভিযোগ করেন, রাত সাড়ে ১২টার দিকে বিএনপির লোকজন তাঁর বাসার সামনে এসে অশ্লীল ভাষায় গালাগাল দিয়ে তাঁকে এলাকাছাড়া করার হুমকি দিয়েছে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, রাতে ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।২২ মে বাউফল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।